এশিয়ার পরাশক্তি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১। বুধবার (১ জুন) সিচুয়ানের লুশান কাউন্টিতে কম্পনটি অনুভূত হয়।
দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের পক্ষ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে সিচুয়ানের লুশান কাউন্টির ইয়ান শহরের কাছে কম্পনটি আঘাত হানে।
এবারের ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে। আর এর কেন্দ্রস্থল ছিল সিচুয়ানের রাজধানী চেংদু থেকে ১১৩ কিলোমিটার দূরবর্তী স্থানে। তবে ভূমিকম্পে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি-না; সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ২০১৩ সালে ইয়ান শহরে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও নারী-শিশুসহ হাজার হাজার মানুষ। এতে শহরটির হাজার খানেক বাড়ি-ঘর ধ্বংস হয়ে যায়।
সূত্র : রয়টার্স